‘রেড সার্কেল’ দিয়ে প্রধান চরিত্রে ফিরছেন শিমুল
অভিনেতা মনির খান শিমুল একসময় ছোটপর্দার প্রধান চরিত্রের অভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন। অভিনয় করেছেন বড় পর্দায়ও। এরপর হঠাৎ করেই পর্দার আড়ালে চলে যান তিনি। বহুবছর তাকে আর নাটক কিংবা সিনেমায় দেখা যায়নি। তবে বছরখানেক ধরে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন শিমুল। কাজ করছেন টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মে। তবে সেসব কন্টেন্টে তাকে দেখা গেছে খুবই ছোট ও স্বল্পকালিন চরিত্রে। এবার ওয়েব সিরিজ ‘রেড সার্কেল’র মাধ্যমে প্রধান চরিত্রে ফিরছেন তিনি।
দক্ষিণ এশিয়ার একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রিও। প্রায় প্রতিটা দেশের গোয়েন্দা সংস্থা তাকে নিয়ে রিসার্চ করে। আমাদের দেশেও তার অস্তিত্ব পাওয়া যায় ১০ বছর আগে। তার সম্মন্ধে তদন্ত আরও জোরদার করা হয়। সবার মনে একটাই প্রশ্ন- কে এই রিও? এমনই একটি থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘রেড সার্কেল’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল। আরও আছেন আইনুন পুতুল, নাফিস আহমেদ, জোজন মাহমুদ, ইভা, মিজু ইনজাম, সিনথিয়া, সাদিয়া জান্নাতি প্রমুখ। রিও মেলোডিস-এর ব্যানারে নির্মাণাধীন সিরিজটির কাহিনী ও চিত্রনাট্যের পাশাপাশি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয় এবং পরিচালনা করেছেন কামরুল জিন্নাহ।
এ প্রসঙ্গে মনির খান শিমুল বলেন, ‘দুর্দান্ত একটি থ্রিলার গল্পের সিরিজ ‘রেড সার্কেল’। এ ধরণের গল্প বাংলাদেশে তেমন একটা হয়নি। কাজটিও খুব সুন্দর হয়েছে। আজকে তো ফার্স্ট লুক রিলিজ পেলো সামনে আরো অনেক কিছুই দর্শকরা দেখতে পাবেন।’
সিরিজটির পরিচালক কামরুল জিন্নাহ আমাদের নতুন সময়কে বলেন, ‘আমরা চেষ্টা করেছি ভালো একটি থ্রিলার সিরিজ নির্মাণ করতে। প্রযোজনা প্রতিষ্ঠানও সর্বোচ্চটা দিয়েছেন। অভিনয় শিল্পী ও কলাকুশলীরাও যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছেন সিরিজটি করার ক্ষেত্রে। আশা করি দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে একটি জনপ্রিয় প্লার্টফর্মে সিরিজটি মুক্তি পাবে। বাকিটা দর্শকরাই বলবেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি