নির্বাচনের আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’। সেই ভবিষ্যদ্বাণী সত্যি করে আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে মানুষের ঢল নেমেছে তাঁর বাড়ির সামনে। জনগণের রায়ে বিপুল জয় পেয়েছে বিএনপি। ভোর থেকে নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে মুখরিত তাঁর বাসভবন।

মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই বিজয় এসেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক লড়াই আজ সফলতার মুখ দেখেছে।” তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা আর সমর্থনের প্রতিফলন হিসেবেই এই ‘ভূমিধস বিজয়’।

বিএনপি মহাসচিব আরও বলেন, “বিএনপি কোনো ক্যাডারভিত্তিক সংগঠন নয়, এটি জনগণের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।”

এই সময় তার বাসভবনে উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মির্জা ফখরুল সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান এবং জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Walton Ads