সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে মদিনা থেকে মক্কা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

সোমবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৬টার সময় মদিনা থেকে দেড়শ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বাংলাদেশি হলেন- সাতকানিয়া উপজেলার ৮ নম্বর ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানা আনোয়ারুল ইসলামের ছেলে মোহাম্মদ ফোরকান সওদাগর (৫০) এবং বাঁশখালী উপজেলার ৬ নম্বর কাতুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফা আলী (৪৮)।

এ দুর্ঘটনায় মাওলানা মোহাম্মদ সারওয়ার নামের আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। মদিনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ককক্সবাজার জেলার বাসিন্দা। সৌদিতে অবস্থানরত সাতকানিয়ার বাসিন্দা মনছুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত শনিবার জেদ্দা থেকে মদিনায় নবী করিম সা.-এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশে রওনা দেন তারা। গতকাল রোববার রাতে মহানবীর (সা.) রওজা শরিফ জিয়ারত শেষে মক্কার উদ্দেশে রওনা দেন। মদিনা থেকে প্রায় দেড়শ কিলোমিটার দূরে হঠাৎ গাড়িটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মোহাম্মদ ফোরকান সওদাগর ও মো. মোস্তফা আলী নিহত হন। তারা জেদ্দার সাদী মার্কেটে ব্যবসা করতেন।

নিহত দু’জনের মরদেহ সৌদি আরবের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে মোহাম্মদ ফোরকান ও মোস্তফা আলীর মৃত্যুর খবর এলাকায় ছডিয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads