জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কোতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুবরণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো, কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মোঃ মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় ২৩ ফেব্রুয়ারি ১২টা ৩৬ মিনিটে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে। তিনি ২০২২ সালের ১১ অক্টোবর বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গিয়েছিলেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী থানার ভাটি কামারী গ্রামে।
এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছেন। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।
এনবিএস/ওডে/সি